ইসলামপূর্ব আরবের কবিতা নিয়ে শেখ জায়েদ পুরস্কার পেলেন জার্মান ভাষাবিদ
প্রাচীন আরবের কবিতা, প্রকৃতি, যুদ্ধ ও সংস্কৃতির গল্প উঠে এসেছে স্টেফান ভাইডনারের সংকলনে।
- আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:৩৪:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:৩৪:৩১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৮ বার পঠিত
ছবি সংগৃহিত
ইসলামপূর্ব আরবের কবিতার সংকলন অনুবাদ করে আরব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড পেয়েছেন জার্মান আরবি ভাষাবিদ স্টেফান ভাইডনার। তাঁর গ্রন্থ ‘দ্য আরব দিওয়ান: প্রাক্-ইসলামি যুগের সবচেয়ে সুন্দর কবিতা’তে প্রায় দেড় হাজার বছর আগের আরবের কবিতা, প্রকৃতি, যুদ্ধ, প্রেম ও সামাজিক জীবনের চিত্র তুলে ধরা হয়েছে।
সংকলনটিতে মৌমাছি, মধু সংগ্রহ, পাখির উড়াল, ঘোড়ার গতি এবং মরুভূমির নানা প্রাণীর বর্ণনাও স্থান পেয়েছে। এসব কবিতা থেকে প্রাক্-ইসলামি আরবের প্রকৃতি, সমাজ, সংস্কৃতি ও জীবনসংগ্রাম সম্পর্কে ধারণা পাওয়া যায়।
ভাইডনারের মতে, মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকতে প্রাচীন আরবের মানুষ প্রকৃতি ও প্রাণিজগৎ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তাঁদের কবিতায় প্রকৃতির সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন রয়েছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় কবিতা ছিল সামাজিক যোগাযোগ, সংবাদ প্রচার, কূটনীতি, যুদ্ধের প্রচারণা ও আত্মমর্যাদা প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। কবিরা নিজেদের বীরত্ব তুলে ধরতেন, প্রতিপক্ষকে সতর্ক করতেন এবং গোত্রীয় সংঘাতের চিত্রও প্রকাশ করতেন।
সংকলনে সা’লিক নামে পরিচিত সমাজের প্রান্তিক কবিদের পাশাপাশি ইমরু আল-কায়েসের মতো কবির রচনাও রয়েছে। এসব কবিতা প্রাক্-ইসলামি আরবকে জ্ঞান ও সংস্কৃতিতে পিছিয়ে থাকা সমাজ হিসেবে দেখার ধারণাকে চ্যালেঞ্জ করে। একই সঙ্গে তৎকালীন সমাজের যুদ্ধ, সহিংসতা ও সংঘাতের বাস্তবতাও তুলে ধরে।
প্রাচীন আরবি কবিতার প্রতি ভাইডনারের আগ্রহ তৈরি হয় মুঘল সাম্রাজ্য নিয়ে গবেষণার সময়। পুরোনো জার্মান অনুবাদ আধুনিক পাঠকের জন্য কঠিন মনে হওয়ায় তিনি নতুন করে কবিতাগুলো অনুবাদের উদ্যোগ নেন। তাঁর কাছে এই পুরস্কার আরব ও ইউরোপীয় সংস্কৃতির মধ্যে সাহিত্যিক সংলাপের স্বীকৃতিও।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।