বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারের ৩ লাখ টাকা উদ্ধার
রাজশাহীতে অভিযুক্তের ভাড়া বাসার ড্রয়ার থেকে টাকা উদ্ধার
- আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১২:৫৯:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১২:৫৯:৫৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৯ বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এসএম মেহরব হাসানের তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী নগরীর কাজলা মৃধাপাড়ায় তার ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চুরির ঘটনায় গ্রেফতার চার আসামির একজন মোজাম্মেল হক পুলিশকে জানান, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া তিন লাখ টাকা তার ভাড়া বাসায় রাখা আছে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করে।
জাতীয় ক্রিকেট লিগ শেষে বুধবার ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ একটি কাভার্ডভ্যানে পাঠানো হয়েছিল। সকালে ভ্যান থেকে মালামাল নামানোর সময় আটটি লাগেজ কম পাওয়া যায়। এ ঘটনায় ক্রিকেটার এসএম মেহরব হাসান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে জানা যায়, রাজশাহীর পুঠিয়া এলাকায় মোটরসাইকেলে করে চলন্ত কাভার্ডভ্যানে উঠে দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নিয়েছিলেন তারা।
পুলিশ পরে চুরি হওয়া লাগেজগুলো উদ্ধার করে। তবে সেগুলোর মধ্যে অন্যান্য মালামাল পাওয়া গেলেও তিন লাখ টাকা পাওয়া যায়নি। মোজাম্মেল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ওই টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে রুবেল আহমেদ (৩৮) নামে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।