ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক

অনির্দিষ্টকালের অবরোধে বন্ধ সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ, পর্যটকদের নিরাপদ যাতায়াত নিয়ে অনিশ্চয়তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৩:২৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৩:২৯:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়েছে। এতে সাজেকের রুইলুই পর্যটন এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। অবরোধের কারণে সেখানে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে পর্যটকদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 

রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করা হয়। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন কর্মসূচির সমর্থকেরা।
 

খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা জানান, পর্যটন মৌসুমে প্রতিদিন গড়ে ৩০টি মাহিন্দ্রা ও জিপে প্রায় আড়াই হাজার পর্যটক সাজেকে যাতায়াত করেন। রোববার সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে যাত্রা করা পর্যটকেরা বাঘাইহাটের পর আর এগোতে পারেননি।
 

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, অবরোধ শুরুর আগে কিছু পর্যটক সাজেক ছেড়ে গেলেও বর্তমানে সেখানে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছেন। অবরোধ দীর্ঘায়িত হলে তাঁদের যাতায়াতে আরও জটিলতা তৈরি হতে পারে।
 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা বাহিনীর পাহারায় রোববার বেলা ২টায় পর্যটকবাহী গাড়িগুলোর সাজেক থেকে বের হওয়ার এবং একই সময়ে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
 

অবরোধের আয়োজকদের অভিযোগ, আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস—সন্তু লারমা) সদস্যরা সাজেকের স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে আগে সমাবেশ করেও প্রত্যাশিত সাড়া না পাওয়ায় তাঁরা অবরোধের কর্মসূচি দিয়েছেন বলে জানান।
 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির প্রচার সম্পাদক সজীব চাকমার দাবি, ইউপিডিএফের চাপে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি এ কর্মসূচি দিয়েছে। অন্যদিকে, ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এ অভিযোগ নাকচ করে অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন।
 

দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা। ফলে সাজেকের সড়ক যোগাযোগ কখন স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়। এ অবস্থায় পর্যটকদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সেখানে অবস্থানরত পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।