নারায়ণগঞ্জে স্টিল মিলে আগুনে দগ্ধ ২ শ্রমিক, অবস্থা আশঙ্কাজনক
লোহা গলানোর সময় দুর্ঘটনা, দুজনের শরীরের ৫৪ ও ৫৫ শতাংশ পুড়েছে
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ১১:৫১:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ১১:৫১:০৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৩ বার পঠিত
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসবিআরএম স্টিল মিলে লোহা গলানোর সময় কেমিক্যালের আগুনে দগ্ধ হয়েছেন দুই শ্রমিক। তাঁদের শরীরের যথাক্রমে ৫৪ ও ৫৫ শতাংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গুরুতর দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ দুই শ্রমিক হলেন আনোয়ার হোসেন (৪০) ও শামসুল হক (৩০)।
তাঁদের হাসপাতালে নিয়ে আসা স্বজন নাজিম জানান, রাতে স্টিল মিলের কারখানায় লোহা গলানোর কাজ করছিলেন আনোয়ার ও শামসুল। এ সময় কেমিক্যালের আগুনে তাঁরা দুজনই গুরুতর দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ এবং শামসুলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় দুজনকেই আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।