ফিলিস্তিনের মসজিদে ইসরাইলি বাহিনীর অভিযান,ফজরের নামাজে বাধার অভিযোগ
বেথলেহেমের হুসান গ্রামে মুসল্লিদের সরিয়ে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপের অভিযোগ।
- আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৪৭:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১১:১৪:৫৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৫৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
ছোট্ট এক গ্রামে ফজরের নামাজ চলাকালে ইসরাইলি বাহিনীর অভিযানের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের হুসান গ্রামে ফজরের নামাজের সময় একটি মসজিদে অভিযান চালিয়ে মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার (১৮ জুলাই) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এক নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনারা মসজিদে প্রবেশ করে আজান ও ফজরের নামাজে বাধা দেয়। পরে সেখানে উপস্থিত মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেওয়া হয়।
ওয়াফার তথ্যমতে, অভিযানের সময় মুসল্লিদের লক্ষ্য করে স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে বেথলেহেমের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল আরকুব গ্রামের সব প্রবেশপথ ও ফটকও বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নাহালিন শহরকে গভর্নরেটের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী প্রধান ফটক অতিক্রম করার সময় শহরটির এক বাসিন্দার ওপর হামলার অভিযোগও করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।