চলতি অর্থবছরে ব্যয় সংকোচনে সরকার: যানবাহন ও ভবন নির্মাণে কড়াকড়ি নির্দেশনা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:১৭:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:২২:২৭ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৬ বার পঠিত
চলতি অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় থোক বরাদ্দ থেকে যানবাহন ক্রয় ও ভূমি অধিগ্রহণ খাতে সব ধরনের অর্থ ব্যয় বন্ধ করে পরিপত্র জারি করেছে সরকার। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণও বন্ধ থাকবে। তবে চলমান নির্মাণকাজ ন্যূনতম ৫০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ এর উপসচিব মোহাম্মদ জাকির হোসেনের সই করা এ পরিপত্র ৮ জুলাই জারি করা হয়।
পরিপত্রে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরেও ব্যয় সাশ্রয় বা কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করছে সরকার। এর আওতায় সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক কর্মশালা, সেমিনারে অংশগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। গাড়ি, জাহাজ ও বিমান কেনা যাবে না। পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ এবং থোক ব্যয়ও বন্ধ থাকবে।
গত ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হওয়া ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
পরিপত্র অনুযায়ী, স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় হলে, সরকারি অর্থায়নে বিদেশে মাস্টার্স ও পিএইচডি পড়তে যাওয়া যাবে। অন্য দেশ বা উন্নয়ন সহযোগী সংস্থার আমন্ত্রণে বিদেশে প্রশিক্ষণেও বাধা থাকবে না।
পিএসআই ও এফএটি কার্যক্রমের আওতায় বিদেশ ভ্রমণে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ২ জানুয়ারির নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং একান্ত প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন নিতে হবে।
পুরোনো ১০ বছরের বেশি সময়ের মোটরযান প্রতিস্থাপন করতে চাইলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে বলে পরিপত্রে উল্লেখ রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।