সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা
- আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৮:২২:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৮:২২:০১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫১ বার পঠিত
ছবি সংগৃহীত
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক জানায়, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শেষে আসামির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের অনুমোদন দেয় কমিশন। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়।
নোটিশ জারির জন্য ঢাকার কলাবাগান, বরিশাল নগরীর কালীবাড়ী রোড এবং আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রাম—এই তিনটি ঠিকানায় একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে ৪ নভেম্বর তার গ্রামের বাড়ির দরজায় সম্পদ বিবরণী ফরম টানিয়ে নোটিশ জারি করা হয়।
তবে নোটিশ জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
দুদক আরও জানায়, মামলাটির ঘটনাকাল ধরা হয়েছে ১৬ অক্টোবর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ঘটনার স্থান হিসেবে দুদকের প্রধান কার্যালয়, ঢাকার কলাবাগান এলাকা, বরিশাল নগরী এবং আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকা উল্লেখ করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।