খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটির কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে এই বাণিজ্য কার্যক্রম স্থগিত করা হলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সামসুর রহমান জানান, বড়দিন উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে বেনাপোল বন্দর দিয়েও পণ্য আদান-প্রদান বন্ধ হয়ে যায়। তিনি বলেন, আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ছুটির কারণে বৃহস্পতিবার কোনো ধরনের পণ্য আমদানি বা রফতানি হচ্ছে না। তবে ভারত থেকে আসা খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য বন্দর চেকপোস্টের কার্গো শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে। একই সঙ্গে ছুটির প্রভাব পড়েনি যাত্রী চলাচলে; পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত আগের মতোই চালু আছে।
সংশ্লিষ্টরা জানান, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের গুরুত্ব অত্যন্ত বেশি। ভারত থেকে আমদানিকৃত মোট পণ্যের প্রায় ৮০ শতাংশ এই বন্দর দিয়ে প্রবেশ করে। ফলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলে শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত এবং স্থানীয় বাজারে এর প্রভাব পড়ে। ছুটির সময়ে দুই দেশের বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকে থেকে পণ্য খালাসের অপেক্ষায় থাকে, যা স্বাভাবিক বাণিজ্য কার্যক্রমে সাময়িক স্থবিরতা সৃষ্টি করে।
ডেস্ক রিপোর্ট