ঢামেকে অপারেশনের পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
- আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৭:৫৩:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৭:৫৮:০২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থেকে জানা যায়, অপারেশন শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সাঈদ হাসান জানান, অস্ত্রোপচারের পর হাদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে পোস্ট-অপারেটিভ কেয়ারের জন্য তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হবে। হাদির দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চান।
চিকিৎসকরা জানান, গুলি হাদির মাথায় এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং খুলির ছোট টুকরা মস্তিষ্কের ভেতরে আটকে থাকে। ঝুঁকি বিবেচনায় খুলি খুলে জমে থাকা রক্ত পরিষ্কার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, কারা এই হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন জানান, হাদির বাম কানের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।