প্রযুক্তি সংবাদমাধ্যম Engadget-এর তথ্য অনুযায়ী, Pinterest Assistant ব্যবহারকারীর সম্পূর্ণ সার্চ ইতিহাস ও কার্যক্রম বিশ্লেষণ করে তাদের ব্যক্তিগত রুচি অনুযায়ী সেরা আইডিয়া ও পণ্য প্রস্তাব করবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে—“আমি বসার ঘরের সঙ্গে মানানসই বালিশ খুঁজছি”—তাহলে এআই তাৎক্ষণিকভাবে প্রাসঙ্গিক ডিজাইন, রঙ ও স্টাইলের ফলাফল দেখাবে।
এই প্রক্রিয়ায় অ্যাসিস্ট্যান্ট প্রথমে ব্যবহারকারীর তৈরি করা বোর্ড ও সংরক্ষিত পিনগুলো বিশ্লেষণ করে, তারপর সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন ভিজ্যুয়াল সাজেশন দেয়। ফলে ফলাফল শুধু প্রাসঙ্গিক নয়, বরং ব্যবহারকারীর নান্দনিক রুচির প্রতিফলন ঘটায়।
Pinterest জানায়, এই ফিচারের মাল্টিমোডাল (multimodal) সক্ষমতা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। প্ল্যাটফর্মে থাকা মাইক্রোফোন আইকনের মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস কমান্ড ব্যবহার করে সার্চ করতে পারবেন। এরপর এআই সেই অডিও ইনপুট বিশ্লেষণ করে ভিজ্যুয়াল ফলাফল ফিল্টার করবে—যা এক কথায় ডিজিটাল অনুপ্রেরণার এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
কোম্পানির মতে, Pinterest Assistant শুধু পণ্য প্রস্তাবের জন্য নয়, বরং “মানুষ বাস্তবে যেভাবে কেনাকাটা করে, সেই অভিজ্ঞতার কাছাকাছি” এক ডিজিটাল অভিজ্ঞতা দিতে সক্ষম। এটি ব্যবহারকারীদের এমন অনেক আইডিয়া বা পণ্য খুঁজে পেতে সহায়তা করবে, যা তারা নিজেরা হয়তো সহজে আবিষ্কার করতে পারতেন না।
এর আগে ব্যবহারকারীদের অভিযোগ ছিল—প্ল্যাটফর্মে অতিরিক্ত এআই-জেনারেটেড কনটেন্টের কারণে আসল পণ্য বা প্রেরণা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। সেই সমস্যা কমাতে Pinterest গত মে মাসে এআই কনটেন্টের লেবেলিং চালু করে এবং অক্টোবরে এআই কনটেন্টের পরিমাণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়। যদিও Pinterest Assistant সরাসরি সেই সমস্যার সমাধান নয়, তবে কোম্পানির আশা—এটি ব্যবহারকারীদের কনটেন্ট ভিড়ের হতাশা কমিয়ে আরও কার্যকর সার্চ অভিজ্ঞতা দেবে।
বর্তমানে এই ফিচারটি বিটা সংস্করণে যুক্তরাষ্ট্রে ১৮ বছরের ঊর্ধ্ব ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে, এবং আগামী কয়েক সপ্তাহে ধীরে ধীরে বৈশ্বিকভাবে এটি উন্মুক্ত করা হবে।
ডেস্ক রিপোর্ট