বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, জ্ঞানচর্চা ও নৈতিকতার প্রসারে গুরুত্বারোপ
- আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৮:৫১:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৮:৫১:৪৬ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৬ বার পঠিত
ছবি সংগৃহীত
ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে শনিবার (১৩ সেপ্টেম্বর) শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরিকে সামনে রেখে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বই একটি জাতির জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম এবং ইতিহাস, সংস্কৃতি ও চেতনা সংরক্ষণের অন্যতম শক্তিশালী হাতিয়ার।
ধর্ম উপদেষ্টা জানান, ইসলামী বইমেলা কেবল সাংস্কৃতিক আয়োজন নয়, বরং ইসলামী শিক্ষা, আদর্শ ও নৈতিকতার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান ভোগবাদী সমাজে যেখানে অশ্লীলতা ও ভ্রান্ত ধারার বইয়ের প্রভাব বাড়ছে, সেখানে ইসলামী বইমেলা পাঠককে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পথে আকৃষ্ট করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন সমাজে জ্ঞানভিত্তিক, নীতিবান ও দায়িত্বশীল মানুষ তৈরিতে অবদান রাখে এবং এমন বইমেলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রকাশকদের প্রতিনিধি আহমেদ রফিক এবং বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি বক্তব্য দেন।
এবারের মেলায় ১৯৯টি স্টল রয়েছে, যেখানে ইসলামিক ফাউন্ডেশনসহ দেশের শীর্ষ ইসলামী প্রকাশনা সংস্থা, বই ব্যবসায়ী এবং মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। মেলায় থাকবে লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টল ও জেলা-কার্যালয়ে প্রকাশিত বই ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশনে বিক্রি হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।