হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবরে কী বলল ভারত?
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের সত্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে মন্তব্য এড়িয়ে যান ভারতের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
- আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০১:২০:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০১:২০:৫৬ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৩২ বার পঠিত
ছবি সংগৃহীত
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেছেন, এ বিষয়ে তাঁর কিছু বলার নেই। তবে প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে জানতে চান। তবে তিনি প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি।
সাংবাদিকের প্রশ্নে বলা হয়, কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে বলছে ভারত। একই সঙ্গে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং ২০২৪ সালের দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচারের নিশ্চয়তা চাওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ বা নিশ্চয়তা দেওয়া হয়েছে কি না, তা জানতে চান সাংবাদিক।
জবাবে জয়সোয়াল বলেন, সাংবাদিক বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে তাঁর কিছু বলার নেই।
ব্রিফিংয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ নিয়েও প্রশ্ন করা হয়। তিনি স্থলবন্দর দিয়ে ফিরবেন, নাকি আকাশপথে, সে বিষয়ে ভারতের কোনো প্রস্তুতি রয়েছে কি না এবং বিষয়টি নিয়ে দেশটির সরকার উদ্বিগ্ন কি না, জানতে চান সাংবাদিকেরা। এসব প্রশ্নেও কোনো মন্তব্য করেননি জয়সোয়াল।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তিনি চিঠি দিয়েছেন বলেও সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
বৃহস্পতিবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। সেখানে ধারণা দেওয়া হয়, ভারতের সম্মতি ছাড়া তিনি দেশে ফেরার ঘোষণা দেননি। প্রতিবেদনে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়। এর একটি হলো, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। অন্যটি হলো, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নতুন করে শুরুর বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে। তবে এসব শর্তের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবারের ব্রিফিংয়ে এসব প্রতিবেদনের সত্যতা জানতে চাইলে জয়সোয়াল মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আইনি। আইনি পথেই এর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার বিষয়েও প্রশ্ন করা হয়। জয়সোয়াল জানান, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক তারিখে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বাংলাদেশে সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিভিন্ন কাঠামোগত বৈঠকে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। ভ্রমণসংক্রান্ত নথি ব্যবস্থাপনার বিষয়েও কনস্যুলার পর্যায়ে আলোচনা হবে। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত বলেও জানান তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।