বাংলাদেশ সফরে কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সারাই
১১ থেকে ১৪ অক্টোবর ঢাকা ও কক্সবাজার সফর করবেন তিনি, ১৯৭১ সাল থেকে বাংলাদেশকে ৬.৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে কানাডা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০১:৫০:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০১:৫০:১৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৬ বার পঠিত
ছবি সংগৃহিত
কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী রণদীপ সারাই চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাঁর এ সফরের লক্ষ্য শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে কানাডা-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারে কানাডার সহায়তায় পরিচালিত বিভিন্ন উদ্যোগ পরিদর্শন করবেন।
সফরে কানাডার আন্তর্জাতিক সহায়তা কীভাবে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নারী ও যুবসমাজের জন্য সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখছে, তা তুলে ধরা হবে। এসব উদ্যোগ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক বলে সংশ্লিষ্টরা মনে করেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কানাডা দেশটিকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। এর মধ্যে ব্র্যাক ও আইসিডিডিআর,বির মতো বাংলাদেশভিত্তিক সংস্থার কার্যক্রমে কানাডার দীর্ঘদিনের সমর্থন উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠান পরবর্তী সময়ে বিশ্বজুড়ে পরিচিতি ও স্বীকৃতি পেয়েছে।
দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বের ভিত্তিতে কানাডা এখন বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা দেখছে। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ চার বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়ে যায়। সুশাসন, নিয়ন্ত্রণব্যবস্থা এবং অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ও সংস্কার অব্যাহত থাকলে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণের এ সময়ে কানাডার অংশীদারত্ব স্বাস্থ্য, শিক্ষা, জেন্ডার সমতা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতেও সহায়তা করছে।
কক্সবাজার সফরকালে প্রতিমন্ত্রী রণদীপ সারাই রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি চলমান সংকট মোকাবিলায় কাজ করা সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জানবেন।
২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা অন্যতম প্রধান দাতা হিসেবে ৬০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে। এ সহায়তার মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। কানাডা মানবিক সহায়তার অঙ্গীকার অব্যাহত রাখার পাশাপাশি অভিন্ন সমৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।