ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাস বয়সী সন্তান মোজাহিদকে দুই লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রোজিনা বেগম স্বামী নাঈমসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর রাতে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি সুতিভরট গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী রোজিনা বেগম (২১) ভোলার মনপুরা উপজেলার সাকুরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন।
রোজিনা জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি জানতে পারেন, তাঁর ১৩ মাস বয়সী সন্তানকে বিক্রি করে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে স্বামীর বাড়িতে আসেন তিনি। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে স্বামী নাঈমসহ ছয়জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
রোজিনার ভাষ্য, প্রায় দুই বছর আগে নাঈমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। প্রায় পাঁচ মাস আগে মারধর করে শিশুসন্তানকে রেখে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর তিনি ঢাকায় গিয়ে পোশাক কারখানায় কাজ শুরু করেন।
সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে রোজিনা বলেন, তিনি তাঁর শিশুকে নিজের কাছে ফিরিয়ে নিতে চান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, শিশুটির মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।