চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কৃষ্ণগোবিন্দপুর গ্রামের সুমেল (৩২) এবং রামচন্দ্রপুরহাট গোঠিপাড়ার আব্দুল হামিদ (১৮)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মহারাজপুরের শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা ওদুদ মহরিল এবং সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে এর আগেও কয়েক দফা উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হলে সুমেল ও হামিদ আহত হন। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওদুদ মহরিল ও জালাল মেম্বারের অনুসারীদের মধ্যে পুরোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।