সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৮ জন।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া চারজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন আরও নয়জন।
সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
জেলাভিত্তিক হিসাবে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ৯৪ জন, সুনামগঞ্জে ৯৯ জন, হবিগঞ্জে ১৮৭ জন এবং মৌলভীবাজারে ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর বাইরে অন্যান্য জেলা থেকে আসা ১৩ জন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জাতীয় পর্যায়েও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেপ্টেম্বরের শেষ দিকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ১ অক্টোবরের হিসাবে, চলতি বছরে দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮১ হাজার ৫৯৮ এবং মৃত্যু ২৪৯ জনে পৌঁছেছে।