ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির বেঙ্গালুরু শহরের হেব্বাল এলাকার বাসিন্দা সৌভিক দত্ত গত ১৫ সেপ্টেম্বর পিঠে গিটার ঝুলিয়ে ই-স্কুটিতে চেপে যাচ্ছিলেন। রাস্তায় বসানো একটি এআই ক্যামেরা তার গিটারটিকে দ্বিতীয় কোনো আরোহী হিসেবে শনাক্ত করে এবং মাথায় হেলমেট না থাকার অজুহাতে স্কুটির নামে জরিমানার চালান তৈরি করে। পরদিনই সৌভিকের স্ত্রীর কাছে সেই ৫০০ রুপির ট্রাফিক চালানের বার্তা পৌঁছায়।
ঘটনায় তাজ্জব বনে যান সৌভিক।
ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ট্রাফিক পুলিশের ট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘আমি একা আমার স্ত্রীর টু-হুইলারে পিঠে গিটার ঝুলিয়ে যাচ্ছিলাম।
আর হেলমেট ছাড়া পেছনে লোক বসানোর অপরাধে আমার স্ত্রীর কাছে ট্রাফিক চালান এসেছে! এআই প্রযুক্তির ট্রাফিক নজরদারির নমুনা দেখুন! দয়া করে চালানটি বাতিল করুন।’ সঙ্গে চালানের ছবিও পোস্ট করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং স্বয়ংক্রিয় ট্রাফিকব্যবস্থার নির্ভুলতা নিয়ে জোর আলোচনা শুরু হয়।
বিষয়টি নজর এড়ায়নি বেঙ্গালুরু ট্রাফিক পুলিশেরও। তারা দ্রুত সৌভিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখার এবং ভুল চালান পর্যালোচনার নির্দেশ দিয়েছে।