ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচন, বৃক্ষরোপণ এবং ড্রেজার চালুর মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রী পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। উদ্বোধনের সময় তিনি মাটি কাটার মাধ্যমে প্রকল্পের কাজের সূচনা করেন এবং পরে ড্রেজার মেশিন চালু করেন। প্রকল্পটি ফেনীর মুহুরী ও কহুয়া নদীকেন্দ্রিক বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে।
উদ্বোধনী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুহুরী নদীর দুই পাড়, সভামঞ্চের আশপাশ এবং বিভিন্ন সড়কের পাশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই ঘাটঘর এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। ফেনীতে প্রধানমন্ত্রীর আজকের সফরের শুরুতেই মুহুরী-কহুয়া প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়।
এর আগে গত ১৬ জুন একনেক সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ৮৩ কিলোমিটারের বেশি নদী পুনঃখনন, ১১ কিলোমিটারের বেশি নদীতীর প্রতিরক্ষা এবং একটি হাইড্রোলিক এলিভেটেড ড্যাম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।