সদরপুরে আশ্রয়ণ প্রকল্পে ৫২ ঘরের মধ্যে থাকছে মাত্র ১৫ পরিবার
জলাবদ্ধতা ও চলাচলের দুরবস্থায় পরিত্যক্ত ৩৭ ঘর, নিরাপত্তা নিয়েও শঙ্কায় বাসিন্দারা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৩৩:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৩৩:২৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩১ বার পঠিত
ছবি সংগৃহিত
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন আশ্রয়ণ প্রকল্পটি জলাবদ্ধতা ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ৫২টি ঘরের মধ্যে বর্তমানে মাত্র ১৫টি পরিবার সেখানে বসবাস করছে। বাকি ঘরগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় ঝোপঝাড়ে ঢেকে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রকল্পের বিভিন্ন স্থানে পানি জমে আছে। অনেক ঘরে পানি ঢুকছে এবং ঘরের সামনে ও বাথরুমেও পানি জমে থাকছে। এতে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিন বৃষ্টি হলে কয়েক দিন পর্যন্ত পানি জমে থাকে বলে অভিযোগ তাদের।
বাসিন্দা মিনু আক্তার বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঘর ও বারান্দায় পানি ঢুকে যায়। বাথরুমেও পানি জমে থাকায় নিয়মিত পানি সেচতে হয়। অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকায় স্বামী ও সন্তানদের নিয়ে বাধ্য হয়ে সেখানেই থাকছেন তিনি।
আরেক বাসিন্দা জিয়াসমিন আক্তার জানান, কয়েক দিন আগে তার আট মাসের শিশুসন্তান উঠানের জমে থাকা পানিতে পড়ে যায়। পানি কমে গেলে দুর্গন্ধ ছড়ায় এবং রাস্তায় হাঁটুপানি কাদা তৈরি হয়। মশা-মাছির উপদ্রবও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ভোগের কারণে অধিকাংশ পরিবার প্রকল্প ছেড়ে অন্যত্র চলে গেছে। পরিত্যক্ত ঘরগুলোতে মাদকসেবীদের আড্ডা বসার অভিযোগও রয়েছে। ফলে সেখানে থাকা পরিবারগুলো একদিকে জলাবদ্ধতার সমস্যায় ভুগছে, অন্যদিকে নিরাপত্তাহীনতায় রয়েছে।
ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি বলেন, প্রকল্পে বসবাসের পরিবেশ বর্তমানে ভালো নয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। মাটি ভরাট করলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে চারপাশে পাকা ড্রেন নির্মাণের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর