সারের ডিলারদের চূড়ান্ত নিয়োগের জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। জেলা থেকে পাওয়া তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলমান থাকায় নিয়োগের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারের ডিলার নিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে পাওয়া তালিকা বর্তমানে মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এই প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
মন্ত্রণালয় জানিয়েছে, ডিলারদের চূড়ান্ত নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তাই এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।