আগামী ১ অক্টোবর ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ১ হাজার ৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধনের পাশাপাশি রুফটপ সোলার বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম ও বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম পর্যায়’ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এরপর দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা সাড়ে ১টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে। সফর শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন তিনি। রাত ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পরশুরামে উদ্বোধন হতে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পটির প্রথম পর্যায়ে বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো পুনর্বাসনের মতো কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি চলতি বছরের ১৬ জুন একনেকে অনুমোদন পায়।
ফেনীর তিন উপজেলায় সরকারি ভবনের ছাদে স্থাপন করা সৌর প্যানেল থেকেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে অনুষ্ঠানস্থল প্রস্তুত, অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ, পানির ব্যবস্থা, পোর্টেবল টয়লেট স্থাপন, সড়ক সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।
এর আগে প্রধানমন্ত্রীর ফেনী সফর ১৭ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও পরে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।