চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস
চিকিৎসকদের অনুমতি নিয়ে দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা আব্বাস, ঢাকায় পৌঁছানোর পরও চলবে চিকিৎসা ও ফিজিওথেরাপি
- আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৩:০৭:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৩:০৭:৪৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
দীর্ঘ কয়েক মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে আজ বুধবার রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দেশে ফেরার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
পরিবার ও দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য প্রতিদিন ফিজিওথেরাপির ব্যবস্থাও করা হয়েছে।
গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
মির্জা আব্বাস বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।