যশোরে দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার, বাবাও মৃত
শার্শায় নিজ বাড়ি থেকে বাবা ও দুই শিশুর মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:৫১:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:৫১:০০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১০২ বার পঠিত
ছবি সংগৃহীত
যশোরের শার্শায় দুই শিশুসন্তানের মৃত্যুর পর তাদের বাবা কামাল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়ায় নিজ বাড়ি থেকে পাঁচ বছর বয়সী সাবির, আড়াই বছর বয়সী জাবির এবং তাদের বাবা কামাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
কামাল হোসেন ওই এলাকার মৃত নেদন আলীর ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, তার একাধিক স্ত্রী ছিলেন এবং মোট সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান।
এরপর থেকে সাবির ও জাবির বাবার সঙ্গে ওই বাড়িতেই থাকছিল। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। শিশু দুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং তাদের মৃত্যুর সঙ্গে কামাল হোসেনের আত্মহত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। তার দুই শিশুসন্তানের মৃত্যুর বিষয়টিও তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।