দীর্ঘদিন ধরে এসব কাজে প্লাস্টিকের তৈরি জিনিসের ব্যবহার এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে, রান্নাঘর থেকে প্লাস্টিকের ব্যবহার কমানোর কথা ভাবলেই অনেকের কাছে বিষয়টি কঠিন মনে হতে পারে।
অথচ রান্নার কাজে এমন অনেক বিকল্প রয়েছে, যেগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়, পরিষ্কার করাও সহজ এবং বেশ কার্যকর।
একদিনেই সব প্লাস্টিকের সরঞ্জাম সরাতে হবে এমন কোনো কথা নেই, বরং প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে বিকল্প বেছে নেওয়াই বাস্তবসম্মত উপায়।
রান্নার কাজে কাচ, ধাতু, কাঠ, মোমযুক্ত কাপড় কিংবা টেকসই অন্যান্য উপকরণ ব্যবহার করা যেতে পারে বলে জানান গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও অন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত।
রান্নায় সিলিকন নমনীয় খুন্তি:
রান্নাঘরের সাধারণ একটি সরঞ্জাম হল, সিলিকনের খুন্তি বা মিশ্রণ নেড়ে দেওয়ার চামচ। বিশেষ করে মিষ্টান্ন তৈরির সময় পাত্রের গায়ে লেগে থাকা মিশ্রণ তুলে আনতে এটি বেশ কাজে লাগে।
সিলিকনের নমনীয় খুন্তি শুধু মিষ্টান্ন তৈরিতেই নয়, সাধারণ রান্নার কাজেও ব্যবহার করা যায়। বিভিন্ন আকারের খুন্তি থাকলে ছোট-বড় নানান পাত্রে কাজে লাগানো যায়।
তাপ সহ্য করতে পারে এবং পরিষ্কার করা সহজ এমন খুন্তি রান্নায় দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব।
“এ ধরনের সরঞ্জামের আরেকটি সুবিধা হল, পাত্রের ভেতরে থাকা খাবার নষ্ট না করে প্রায় পুরোটা তুলে আনা যায়। ফলে খাবারের অপচয়ও কিছুটা কমানো সম্ভব”, বলেন এই অধ্যাপক।
ধাতব চাঁচনি বা কাটার:
রান্নাঘরে ছোট ধাতব চাঁচনি বা সমতল ধারযুক্ত সরঞ্জাম অনেক ধরনের কাজই করতে পারে। এটি ময়দার ডো সঠিক মাপ অনুসারে ভাগ করা, কাটা সবজি বা শাক তুলে নেওয়া, মিষ্টান্নের পরিমাণ ঠিক করা এবং রান্নার জায়গায় লেগে থাকা ময়দা বা খাবারের অংশ পরিষ্কার করার কাজে ব্যবহার করা যায়।
ছোট রান্নাঘরে এমন বহুমুখী সরঞ্জাম বেশ উপকারী।
কাচের বয়ামে খাবার সংরক্ষণ:
খাবার সংরক্ষণের ক্ষেত্রে প্লাস্টিকের পাত্রের বদলে কাচের বয়াম ব্যবহার করা যেতে পারে। বারবার ব্যবহার করা উপকরণ সংরক্ষণের জন্য সাধারণ কাচের ঢাকনা ও রাবারের বন্ধনীযুক্ত কাচের বয়াম কার্যকর।
এগুলো রান্নাঘরের তাক থেকে শুরু করে ফ্রিজ এবং পরিবেশনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়।
ঘরে তৈরি সস, আচার, মধু, সালাদের মিশ্রণ কিংবা রান্নার আগে প্রস্তুত করে রাখা উপকরণ এসব বয়ামে রাখা যেতে পারে। কাচ স্বচ্ছ হওয়ায় ভেতরে কী আছে তা সহজেই দেখা যায়। ফলে ঢাকনা খুলে বারবার পরীক্ষা করারও প্রয়োজন হয় না।
কাঠ বা ধাতব স্কুইজার বা রসনিষ্কাশক:
লেবু, কমলা বা ফলের রস করতে হাতে চেপে রস বের করার বদলে শক্ত কাঠের বা ধাতব রসনিষ্কাশক ব্যবহার করলে কাজ দ্রুত করা যায়। রান্নার সময় একসঙ্গে অনেক লেবু বা ফলের রস বের করতে হলে এমন সরঞ্জাম জরুরি।
প্লাস্টিকের তৈরি দুর্বল সরঞ্জামের তুলনায় এসব উপকরণ বারবার ব্যবহারে সহজে বেঁকে যায় না। ধাতব যন্ত্রে সাধারণত লেবুর গন্ধও দীর্ঘ সময় আটকে থাকে না এবং পরিষ্কার করাও তুলনামূলকভাবে সহজ।
টেকসই কাটার বোর্ড:
সবজি, ফল, মাছ, মাংস বা অন্যান্য উপকরণ কাটার জন্য বোর্ড ব্যবহার, রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস। এমন কাটার বোর্ড বেছে নেওয়া ভালো, যা পাতলা হলেও যথেষ্ট শক্ত এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়।
“বিশেষ উপকরণ দিয়ে তৈরি কিছু কাটার বোর্ড ব্যবহার করা যায়, যেগুলো ছুরির ধার খুব দ্রুত নষ্ট করে না। পরিষ্কার করার ক্ষেত্রেও সহজে ধোয়া যায় এমন উপকরণ বেছে নেওয়া ভালো”, বলেন তাসমিয়া জান্নাত।
কাচের বাটি:
রান্নার উপকরণ মেশানোর জন্য বিভিন্ন আকারের পাত্র বা বাটি প্রয়োজন হয়। কাচের পাত্র শক্ত, পরিষ্কার করা সহজ এবং ভেতরে থাকা খাবারের অবস্থা বাইরে থেকেই দেখা যায়।
প্লাস্টিকের পাত্রে সময়ের সঙ্গে আঁচড় পড়তে পারে, রং বা গন্ধ আটকে থাকতে পারে। কাচের ক্ষেত্রে এ ধরনের সমস্যা তুলনামূলকভাবে কম।
বিভিন্ন আকারের পাত্র থাকলে অল্প পরিমাণ মিশ্রণ থেকে শুরু করে বড় পরিমাণ খাবার তৈরির কাজেও একই ধরনের পাত্র ব্যবহার করা যায়।
মাপার পাত্রও কাচ:
রান্নায় উপকরণের পরিমাণ ঠিক রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেইকিং বা নির্দিষ্ট পরিমাণ তরল ব্যবহার করতে হলে মাপার পাত্র প্রয়োজন হয়।
কাচের মাপার পাত্র, বিশেষ করে যে পাত্রের হাতল কাত করা থাকে এবং তরল বা লিকুইড ঢালার সুবিধা থাকলে রান্নার সময়ে সুবিধা পাওয়া যায়।
আবার কিছু কাচের এমন পাত্র আছে যা খুব ঠান্ডা ও গরম তরলও সহ্য করতে পারে। তাই রান্নায় গরম পানি তোলার মতো কাজেও এটি ব্যবহার করা যায়।
তবে গরম কিছুতে কাচের পাত্র ব্যবহারের সময় অবশ্যই নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। আর তাপমাত্রার বড় পরিবর্তন এড়িয়ে চলতে হবে।
সবজি ধোয়ার জন্য ধাতব ঝাঁঝরি:
পানি থেকে সবজি, ফল, নুডলস বা রান্না করা খাবার আলাদা করতে ঝাঁঝরি প্রয়োজন। প্লাস্টিকের ঝাঁঝরির তুলনায় ধাতব ঝাঁঝরি গরম পানি সহ্য করতে পারে এবং নিয়মিত ভারী ব্যবহারে সহজে বেঁকে যায় না।
ধাতব খাবারের রং, গন্ধ বা স্বাদ শোষণ করে না। ফলে সবজি, ফল, নুডলস বা মাংসসহ বিভিন্ন ধরনের খাবারের ক্ষেত্রে একই ঝাঁঝরি ব্যবহার করা যায়।
খাবার ঢাকতে মোমযুক্ত কাপড়:
খাবার সংরক্ষণের ক্ষেত্রে প্লাস্টিকের পাতলা মোড়কের বদলে পুনর্ব্যবহারযোগ্য মোমযুক্ত কাপড় ব্যবহার করা যেতে পারে। এমন কাপড় বাটি ঢেকে রাখা, কাটা ফল বা সবজি জড়িয়ে রাখা এবং পনির বা দুগ্ধধর্মী খাবার সংরক্ষণে ভালো কাজ করে।
এই কাপড় প্রয়োজনমতো আকার নেওয়া যায়। আবার ব্যবহার শেষে ধুয়ে ব্যবহারও করা সম্ভব।
তাই একবার ব্যবহার করে ফেলে দেওয়ার মতো মোড়কের প্রয়োজন কমে। বিভিন সুপারশপ বা অনলাইনের মিলবে এমন মোমযুক্ত কাপড়।