ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল ভূমধ্যসাগরে ৯ দিন ভাসল নৌকা: অনাহারে ১১ বাংলাদেশির মৃত্যু বিএনপি সরকারের ৬ মাস: অর্থনৈতিক অবস্থা চাপে সরকারের ১৮০ দিন পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ মতবিনিময় সভা ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব ইরানের সেনাপ্রধানের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের ধাক্কা: বড় ধরনের ক্ষতি নেই জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বেড়ে ২৪৪৩ মিলিয়ন ঘনফুটে ট্রাম্প প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন, দাবি গালিবাফের অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়, জানাল বাংলাদেশ রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২ কিডনি ও লিভারের জটিল রোগে নিঃস্ব লাখো পরিবার,বাড়ছে অসহায়ত্ব প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, জ্বালানি সংকটে যা বললেন হাসনাত এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ কাল ঢাকা-দিল্লী মনস্তাত্ত্বিক টানাপোড়েন: প্রধানমন্ত্রীর ভারত সফর কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ উপাসনালয়ের সেবকদের সম্মানী দেবেন সরকার মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ মিলল বনে বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: জ্বালানিমন্ত্রী জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করল সামিট এলএনজি টার্মিনাল, কাটছে সংকট ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে যাত্রী

সুখরঞ্জন বালি গুমের ঘটনা: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০২:০৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০২:০৪:২১ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
সুখরঞ্জন বালি গুমের ঘটনা: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে ছবি: সংগৃহীত
দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 শুক্রবার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার ইনচার্জ মো. মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. হেলালুল ইসলাম।

আবেদনে বলা হয়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আইনজীবীর সঙ্গে গাড়িতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে যান সুখরঞ্জন বালি। গাড়ি থামার সঙ্গে সঙ্গে সাদা পোশাকধারী ব্যক্তিরা তাঁকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে একটি সাদা ডাবল কেবিন গাড়িতে তুলে নিয়ে যান। পরে চোখ বাঁধা অবস্থায় তাঁকে দুই মাস নির্যাতন করে একটি গোপন স্থানে আটকে রাখা হয়।

আবেদনে আরও বলা হয়, পরে তাঁকে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের দমদম কেন্দ্রীয় কারাগারে পাঁচ বছর আটক থাকার পর দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সুখরঞ্জনের ছেলে অপূর্ব বালি ভারতে গিয়ে জামিনে বাবাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনেন।

তদন্ত কর্মকর্তার ভাষ্য, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী, ঘটনার দিন ডিএমপির গোয়েন্দা বিভাগের দুটি ডাবল কেবিন গাড়িতে করে ফজলুর রহমান ও তাঁর সঙ্গে থাকা সদস্যরা পুরোনো হাইকোর্ট ভবনের সামনে থেকে সুখরঞ্জন বালিকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালি নিখোঁজ হন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাঁকে সীমান্ত এলাকায় পাওয়া গেছে। তবে তাঁর পরিবার ও কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছিল, ট্রাইব্যুনাল এলাকা থেকেই তাঁকে তুলে নেওয়া হয়েছিল। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আওয়ামী লীগ সরকারের (কার্যক্রম নিষিদ্ধ) পতনের পর ২০২৫ সালের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ করেন সুখরঞ্জন বালি। অভিযোগে তিনি বলেন, যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়া ও পরে তাঁর পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তাঁকে গুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে।

ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বিচারক এ টি এম ফজলে কবির, মামলার সাবেক তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়ালের নামও রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আজ এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের ভিত্তিতেই ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, ডিবিতে কর্মরত থাকাকালে ফজলুর রহমান ও তাঁর টিম সুখরঞ্জন বালিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে অপহরণের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। সেদিন আদালত প্রাঙ্গণ থেকে তুলে নেওয়ার সময় ফজলুর রহমান সুখরঞ্জন বালির গালে চড়ও মেরেছিলেন।’

শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।