যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই ইরানের পাশে থাকার ঘোষণা রাশিয়ার
- আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৮:০১:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৮:০১:৩৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি সংগৃহীত
অর্থনৈতিক মন্দার প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ এবং এর জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইরানের প্রতি সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার (১৪ জানুয়ারি) স্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ অবস্থান তুলে ধরেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ ও হুমকি নিয়ে প্রশ্নের জবাবে লাভরভ বলেন, তেহরানের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে রাশিয়া কাজ চালিয়ে যাবে। তিনি স্পষ্টভাবে বলেন, রাশিয়া ও ইরানের সম্পর্কের প্রকৃতি পরিবর্তনের ক্ষমতা কোনো দেশের নেই।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও মন্তব্য করেন, তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিকৌশল আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরান রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে। এর বিপরীতে রাশিয়া ইরানকে উন্নত সামরিক সরঞ্জাম, যেমন সাঁজোয়া যান ও আক্রমণকারী হেলিকপ্টার সরবরাহ করেছে বলে জানা যায়।
এছাড়াও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে দুই দেশ ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রায় বাণিজ্যিক লেনদেন শুরু করেছে। একই সঙ্গে ইরানে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলায় রাশিয়া প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে মস্কো, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।