দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর আবারও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে যে সার্কের চেতনা এখনো সক্রিয় ও বহাল রয়েছে।
বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাংলাদেশে আগত বিভিন্ন দেশের আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ উপস্থিত ছিলেন।
শফিকুল আলম জানান, বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া বৃহস্পতিবার বিকেলে মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার মন্ত্রী বিজিতা হেরাথ অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎগুলোতে প্রধান উপদেষ্টা সবার কাছে একই বার্তা তুলে ধরেন—দক্ষিণ এশীয় আঞ্চলিক স্বার্থ রক্ষায় সার্ককে যেকোনো উপায়ে পুনরুজ্জীবিত করা জরুরি। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আঞ্চলিক নেতাদের একত্রিত হওয়া সার্কের চেতনার বাস্তব প্রতিফলন।
প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, “সার্কের চেতনা জাগ্রত ও বহাল রয়েছে। এই চেতনাকে আমাদের সংরক্ষণ ও এগিয়ে নিতে হবে।”
এছাড়া সফররত বিদেশি অতিথিরা জানাজার ব্যাপকতা ও শৃঙ্খলাপূর্ণ আয়োজন দেখে অভিভূত হয়েছেন বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, অতিথিরা এর আগে কখনো এত বড় পরিসরের জানাজা দেখেননি বলে মন্তব্য করেন এবং অনুষ্ঠান পরিচালনায় শৃঙ্খলা ও মর্যাদার প্রশংসা করেন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সফররত আঞ্চলিক নেতারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক নেতাদের উপস্থিতি প্রমাণ করে সার্কের চেতনা এখনো সক্রিয়: ড. ইউনূস
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০১-০১-২০২৬ ১১:১৫:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০১-২০২৬ ১১:১৫:৪২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর
ডেস্ক রিপোর্ট