খালেদা জিয়ার মরদেহ গুলশান ১৯৬ নম্বর বাসায়, জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা
- আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৯:৫৫:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৯:৫৫:৫০ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৭ বার পঠিত
ছবি সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ বুধবার সকালে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছেছে। এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি সকাল ৯টার কিছু আগে রওনা দেয়। সেখানে দলীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
প্রাথমিকভাবে খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বাসভবনেই আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। নিরাপত্তা ও আনুষ্ঠানিক ব্যবস্থাপনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজা আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদের খতিব। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রমের কারণে জানাজা ও দাফনস্থলে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে না আনার জন্য অনুরোধ জানিয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।