আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে সৌদি আরব থেকে দেশে ফিরে হেলিকপ্টারে নিজ গ্রামে পৌঁছেছেন প্রবাসী ব্যবসায়ী শাহাবুদ্দিন মিয়া। শনিবার দুপুরে তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামে অবতরণ করেন।
উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন মিয়ার সঙ্গে হেলিকপ্টারে সফরসঙ্গী ছিলেন তাঁর বাবা আব্দুল হান্নান মিয়া, দুই সন্তান এবং তাঁর রাজনৈতিক উপদেষ্টা প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল। গ্রামে পৌঁছানোর পর স্থানীয় নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ ফুলের মালা দিয়ে তাঁকে স্বাগত জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহাবুদ্দিন মিয়া বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে দেশে ফিরেছেন। তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এবং সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়ী করতে সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সেলিমুজ্জামান সেলিম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন মিয়ার চাচা ফকির মিরাজ আলী শেখ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, সিনিয়র সহ-সভাপতি শহীদ সিকদার, কাশালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজন টিকাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।
ডেস্ক রিপোর্ট