ঢাকা বোর্ডে এইচএসসি মূল নম্বরপত্র বিতরণ শুরু ১০ ডিসেম্বর, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত
- আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৭:৫০:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৭:৫০:৪৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৭০ বার পঠিত
ছবি সংগৃহীত
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ ১০ ডিসেম্বর থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ড থেকে মূল নম্বরপত্র সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ডের সনদ শাখার মাধ্যমে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে মূল নম্বরপত্র বিতরণ করা হবে। সংগ্রহের স্থান নির্ধারণ করা হয়েছে বোর্ড ভবনের ৪ নম্বর ভবনের ৫ম তলা।
বোর্ড জানায়, জেলা ভিত্তিক সময়সূচি অনুযায়ী টাঙ্গাইল ও ঢাকা জেলার শিক্ষার্থীদের মূল নম্বরপত্র ১০ ডিসেম্বর দেওয়া হবে। নরসিংদী ও ফরিদপুর জেলার জন্য ১১ ডিসেম্বর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার জন্য ১৪ ডিসেম্বর, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার জন্য ১৫ ডিসেম্বর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার জন্য ১৭ ডিসেম্বর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার জন্য ১৮ ডিসেম্বর, গাজীপুর জেলার জন্য ২১ ডিসেম্বর এবং ঢাকা মহানগরের জন্য ২২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে বিভাগভিত্তিক উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা, তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর, প্রাধিকারপত্র এবং সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদনের কপি সঙ্গে আনতে বলা হয়েছে। নির্ধারিত কাগজপত্র ছাড়া মূল নম্বরপত্র প্রদান করা হবে না।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুসরণ করে যথাসময়ে মূল নম্বরপত্র সংগ্রহ করতে হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।