গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্ত করতে বৈঠকে বসছেন ট্রাম্প ও নেতানিয়াহু
- আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৮:০৬:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:৪১:০২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬৫ বার পঠিত
ছবি সংগৃহীত
গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্ত করতে চলতি মাসের শেষদিকে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে গাজায় স্থায়ী শান্তির সম্ভাব্য পথ এবং হামাসের শাসনব্যবস্থা অবসানের বিষয়টি গুরুত্ব পাবে।
রোববার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শান্তি নিশ্চিত করতে একটি কার্যকর কাঠামো তৈরির লক্ষ্যে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।'
তথ্যমতে, পরিকল্পনায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি, আন্তর্জাতিক ‘শান্তি বোর্ড’-এর তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাট ফিলিস্তিনি প্রশাসন গঠন এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সহায়তায় গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
নেতানিয়াহু দাবি করেন, শান্তি প্রস্তাবের প্রথম ধাপ প্রায় সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বৈঠকের স্থান এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে উভয় পক্ষের মধ্যে ইতোমধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে এবং হোয়াইট হাউসে বৈঠকের সম্ভাবনার কথা উঠে এসেছে।
৭ অক্টোবর গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সহিংসতা তুলনামূলক কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। এই সময়ের মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি এবং ২৭ জনের মরদেহ হস্তান্তর করেছে। এর বিপরীতে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। তবে এখনও একজন ইসরায়েলি জিম্মির মরদেহ গাজায় রয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।