মক ভোটিংয়ের তথ্য বিশ্লেষণে ভোটকক্ষ নয়, গোপন কক্ষ বাড়াবে নির্বাচন কমিশন
- আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৫:৪৩:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৫:৪৩:৪৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৭ বার পঠিত
ছবি সংগৃহীত
মক ভোটিংয়ের ফল বিবেচনায় ভোটকক্ষ বাড়ানোর প্রয়োজন নেই বলে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটারদের গোপনীয়তা নিশ্চিত করতে বরং গোপন কক্ষের সংখ্যা বৃদ্ধি করা হবে।
রোববার (৩০ নভেম্বর) সচিবালয়ে সচিব পর্যায় ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসি, মাঠ প্রশাসন ও বিচার বিভাগীয় কাঠামোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বৃদ্ধি এবং নির্বাচনের দিনে অতিরিক্ত সম্মানী দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিটিভি ও সংসদ টিভি ওসিভি, গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কিত প্রচারণা চালাবে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো একজন করে যোগাযোগ–ব্যক্তি (কন্টাক্ট পয়েন্ট) মনোনীত করবে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত সমন্বয় করা সম্ভব হয়।
ব্যালটপেপার মুদ্রণের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করতে ডাক বিভাগকে অংশীজনদের নিয়ে পরিদর্শনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
মক ভোটিংয়ের তথ্য বিশ্লেষণের বিষয়ে তিনি বলেন, “ভোটকক্ষ বাড়ানোর প্রয়োজন নেই। তবে ভোট প্রদানের জন্য ব্যবহৃত গোপন কক্ষ আগে একটি থাকলেও এখন তা দুটি করে দেওয়া হবে।”
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।