ইছামতী নদীতে দুই তরুণের বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির বিশাল পাঙাশ
- আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:২৯:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:২৯:২২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬১ বার পঠিত
ছবি সংগৃহীত
যশোরের শার্শা সীমান্তের ইছামতী নদীতে বড়শি ফেলে ভাগ্যবান হয়েছেন দুই তরুণ জেলে। বিল্লাল হোসেন ও আব্দুর রহিম নামের ওই দুই বন্ধুর বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙাশ মাছ, যা দেখতে এলাকাবাসীর ভিড় জমে যায়।
রোববার (২ নভেম্বর) সকালে অগ্রভুলোট গ্রামের বাসিন্দা বিল্লাল (২৫) ও রহিম (২২) নিয়মিত অভ্যাসের মতো ইছামতী নদীতে বড়শি ফেলতে যান। কিছুক্ষণ পর বড়শিতে প্রবল টান অনুভব করলে তারা বুঝতে পারেন, এটি কোনো সাধারণ মাছ নয়। প্রায় তিনজনের চেষ্টায় দীর্ঘ সময় পর মাছটি ডাঙায় তোলা হলে উপস্থিত মানুষের চোখ কপালে ওঠে।
পরে ভুলোট গ্রামের একটি দোকানে মাছটির ওজন মাপা হলে সেটি ১৬ কেজি পাওয়া যায়। স্থানীয়রা ৩০০ টাকা কেজি দরে মাছটি ভাগ করে নেন। স্থানীয়দের ভাষায়, এমন বড় পাঙাশ ধরা পড়া এখন বিরল ঘটনা।
বিল্লাল হোসেন বলেন, “প্রায় প্রতিদিনই বড়শি নিয়ে মাছ ধরতে যাই, কিন্তু এমন বড় মাছ জীবনে প্রথম দেখলাম। এবার নদীতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে—এটা আমাদের জন্য সৌভাগ্যের।”
শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, বড়শি দিয়ে নদীতে মাছ ধরা আইনগতভাবে নিষিদ্ধ নয়। তবে এত বড় পাঙাশ সাধারণত উজানের স্রোতে ভেসে আসে। স্থানীয় খামারে বা পুকুরে এ ধরনের বিশাল আকারের মাছ সচরাচর পাওয়া যায় না। সম্ভবত মাছটি ভারতের উজান দিক থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।