বাড্ডায় বাসার নীচতলা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৭:৫৪:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৭:৫৪:৪৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসার নীচতলা থেকে অর্ধগলিত অবস্থায় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) বিকেলে পূর্ব বাড্ডার পূর্বাচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি ভবনের কারখানা ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত দুজনই একই ভবনের ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার কর্মচারী ছিলেন। তাদের মধ্যে সাইফুল ইসলাম মাদরাসার ক্রয়-বিক্রয় বিভাগে এবং শাকিলা বেগম পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও মাদরাসা কর্তৃপক্ষ জানান, বেশ কয়েকদিন ধরে সাইফুল ও শাকিলাকে দেখা যাচ্ছিল না। পরে ওই কারখানা ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগে ঘটেছে, সম্ভবত ২৫ অক্টোবরের পর কোনো এক সময়। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।