যানজট নিরসনে ৭০টি ডাইভারশন, ডিএমপির উদ্যোগ কতটা সফল?
- আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৭:৫০:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৭:৫০:৩২ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬০ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীতে যানজট কমাতে গত সাত মাসে দুই সিটি করপোরেশনের আওতায় ৭০টি ডাইভারশন চালু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। তবে সব এলাকায় এর সুফল মিললেও কিছু জায়গায় পরিস্থিতি হয়েছে উল্টো — যেমন পুরান ঢাকার ধোলাইখাল, যেখানে নতুন রুট পরিবর্তনের কারণে বেড়েছে যানজট ও ভোগান্তি।
আগে সদরঘাটগামী বাসগুলো রায়সাহেব বাজার মোড় হয়ে নিম্ন আদালতের সামনে দিয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত চলত। এখন সেগুলোকে ধোলাইখাল হয়ে বানিয়ানগরে ইউটার্ন নিয়ে পুনরায় রায়সাহেব বাজার ঘুরে যেতে হচ্ছে। ফলে ওই এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যার প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রায়। স্থানীয় দোকান মালিকরা বলছেন, যানবাহনের ধীরগতি ও ভিড়ে ক্রেতা কমে গেছে, ব্যবসায় বড় ধাক্কা লেগেছে।
ভুক্তভোগী যাত্রী ও বাসচালকরাও জানান, নতুন ডাইভারশনের কারণে রাস্তা ছোট হয়ে গেছে, ফলে গন্তব্যে পৌঁছাতে সময় দ্বিগুণ লাগছে। অন্যদিকে ফুটপাতও দখল হয়ে থাকায় পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ধোলাইখাল রিকন্ডিশন ইঞ্জিন ও মোটরপার্টস মালিক সমিতির সভাপতি হাজী মো. ইস্রাফিল বলেন, “যানজটে ব্যবসা-বাণিজ্য অনেক কমে গেছে। স্কুল, অফিসগামী মানুষও দুর্ভোগে।”
যদিও ডিএমপি ট্রাফিক লালবাগ বিভাগের দাবি, সদরঘাট এলাকার যানজট কমাতেই এই রুট পরিবর্তন করা হয়েছে এবং কিছু ইতিবাচক ফল মিলছেও। বিভাগের উপ-কমিশনার মো. মফিজুল ইসলাম জানান, “যানজটের সমস্যা চিহ্নিত করা হচ্ছে। দ্রুতই সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি রাস্তাগুলো সংস্কার হলে পরিস্থিতি আরও উন্নত হবে।”
তবে শুধু ধোলাইখাল নয়, রাজধানীর আরও কিছু এলাকায় ডাইভারশন কার্যক্রমে এমন দুর্ভোগের অভিযোগ উঠেছে। তবুও ট্রাফিক বিভাগ বলছে, দীর্ঘমেয়াদে নাগরিকদের সহযোগিতা পেলে রাজধানীর যানজট অনেকাংশে কমে আসবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।