খিলগাঁও ও উত্তরখানে তিতাসের অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:১৪:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:১৪:৪৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬০ বার পঠিত
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া ও উত্তরখানের ধোবাদিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ অভিযানে শতাধিক আবাসিক ও বাণিজ্যিক অবৈধ সংযোগ শনাক্ত করে বিচ্ছিন্ন করা হয়।
তিতাস জানায়, অভিযানে মোট সাতটি স্থানে অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে। খিলগাঁও নন্দীপাড়ায় প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের ২ ইঞ্চি পাইপলাইন, ৪০ ফুট দৈর্ঘ্যের ৩-৪ ইঞ্চি পাইপলাইনসহ প্রায় ৫০০ মিটার অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে উত্তরখানের ধোবাদিয়ায় ১৭৮ ফুট অবৈধ পাইপলাইন সরানো হয়। এসব সংযোগের মাধ্যমে প্রায় ৯৭টি আবাসিক স্থাপনায় ২৮০টি ডাবল বার্নার গ্যাসচুলা চালানো হচ্ছিল। একই সঙ্গে দুটি বাণিজ্যিক সংযোগ ব্যবহার করে একটি বয়লার ও সাতটি ড্রায়ার অবৈধভাবে গ্যাস নিচ্ছিল।
অভিযানে সর্বমোট ১০ হাজার ৩২২ ঘনফুট প্রতি ঘণ্টা গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ করা হয়। এসময় ছয়টি মামলা দায়েরের পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকে ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন (খিলগাঁও) এবং সিমন সরকার (উত্তরখান)। তিতাস জানিয়েছে, গ্যাস চুরি রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।