মাদকমুক্ত ঝালকাঠি গড়ার প্রত্যয়ে কীর্তিপাশা পি.কে. বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা
“স্বপ্ন আকাশ ছোঁয়া, যাত্রা ক্লান্তিহীন!”—এই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়
- আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৮:৪৬:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৮:৪৬:১৫ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬৪ বার পঠিত
ছবি: প্রতিনিধি
“স্বপ্ন আকাশ ছোঁয়া, যাত্রা ক্লান্তিহীন!”—এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত ঝালকাঠি গড়ার লক্ষ্যে ঝালকাঠিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে কীর্তিপাশা প্রসন্ন কুমার (পি.কে.) মাধ্যমিক বিদ্যালয়ে এক মাদকবিরোধী আলোচনা সভা, শপথ বাক্য পাঠ অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে মাদকদ্রব্যের ভয়াবহ কুফল এবং মানবদেহের ওপর এর মারাত্মক ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, মাদক মানুষের স্মৃতিশক্তি লোপ করে, শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে এবং যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।মাদকাসক্তির কারণে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, হৃদরোগসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ হতে পারে। এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় যুবসমাজ কীভাবে নিজেদের বিপদের মুখে ঠেলে দেয়, সে বিষয়েও সচেতনতামূলক বিভিন্ন উদাহরণ তুলে ধরা হয়। তরুণ প্রজন্মকে এই সর্বনাশা পথ থেকে দূরে রাখতে খেলাধুলা, পড়াশোনা ও নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার শপথ পাঠ করানো হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত জ্যামিতি বক্স, লিফলেট, স্টিকার ও ফেস্টুন বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা তৈরি করে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।