বাংলাদেশ থেকে ৮ মাসে বিদেশে চাকরি পেয়েছেন ৪ লাখ ৪৩ হাজার কর্মী
সৌদি আরবে সবচেয়ে বেশি কর্মী, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার
- আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:৪৮:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:৪৮:১৩ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৮ বার পঠিত
ছবি সংগৃহীত
বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম আট মাসে ৪ লাখ ৪৩ হাজারের বেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে চাকরি পেয়েছেন। একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৫৭৪ কোটি ডলারের বেশি। বিদেশে কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহের এই চিত্র তুলে ধরেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১০ অক্টোবর পর্যন্ত ১০৯টি দেশে বাংলাদেশের ৪ লাখ ৪৩ হাজার ২১ জন কর্মী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কর্মী গেছেন সৌদি আরবে। দেশটিতে গেছেন ২ লাখ ১৮ হাজার ৫০৮ জন বাংলাদেশি। এ ছাড়া সিঙ্গাপুরে ৫৩ হাজার ২৯৭, কাতারে ৪২ হাজার ৫১৬, মালদ্বীপে ২৪ হাজার ৭০ এবং সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজার ৬৬১ জন কর্মী গেছেন।
কুয়েতে গেছেন ২০ হাজার ২৫৪ জন। এ ছাড়া জর্ডান, ইতালি, পর্তুগাল, ইরাকসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও বাংলাদেশি কর্মীরা কাজের সুযোগ পেয়েছেন।
প্রবাসী আয় দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে মোট ২ হাজার ৫৭৩ কোটি ৯১ লাখ ডলারের বেশি পাঠিয়েছেন। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত পরিস্থিতির কারণে কয়েকটি বড় শ্রমবাজারে কর্মীর চাহিদা কমে যাওয়ার চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে নতুন শ্রমবাজার খোঁজা এবং বিদ্যমান বাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।
সরকারের লক্ষ্য হচ্ছে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশে বাংলাদেশি কর্মীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।