আজিমপুর সরকারি কোয়ার্টার পরিচ্ছন্ন করতে দুই সপ্তাহের সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্নতা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দুই সপ্তাহের মধ্যে দৃশ্যমান উন্নতির নির্দেশ দিয়েছেন তিনি।
- আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৩:২৬:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৩:২৬:৪৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবাসিক এলাকাটির পরিচ্ছন্নতা নিশ্চিত করে বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে তিনি কোয়ার্টারের বিভিন্ন এলাকা, চলাচলের পথ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় পরিচ্ছন্নতার ঘাটতি নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান। পাশাপাশি কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে আবাসিক এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এ সময় কোয়ার্টারের বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আবাসিক পরিবেশের উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা।
বাসিন্দাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।