ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: প্রধানমন্ত্রী
দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সাম্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান তারেক রহমানের
- আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১০:১৬:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১০-২০২৬ ১০:১৬:৫২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১২ বার পঠিত
সংগৃহীত ছবি
ধর্মীয় স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেছেন, ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।
শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া ওই বাণীতে শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
বাণীতে তারেক রহমান বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল শিক্ষা। মানবতার কল্যাণও প্রতিটি ধর্মের অন্যতম প্রধান আদর্শ। নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখা সবার দায়িত্ব।
প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যে আগমন করেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন, অশুভ শক্তির বিনাশ এবং সৃষ্টির লালনের প্রতীক। অশুভের বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব বিশেষ তাৎপর্য লাভ করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করেন। এটি দেশের দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়।
তারেক রহমান বলেন, বহু প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমুখী, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার।
সমাজ ও রাষ্ট্রজীবনে সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ আরও সমৃদ্ধ হওয়া প্রয়োজন।
বাণীর শেষাংশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে এবং নিরাপদে সারা দেশে দুর্গাপূজার উৎসব উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি তাঁদের আবারও শুভেচ্ছা জানান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।