আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা-সোনা, আটক ১
শাহজালাল বিমানবন্দরে হীরা, প্লাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর জব্দ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৬:৫৬:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৬:৫৬:৫৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৮ বার পঠিত
ছবি সংগৃহিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর লুকিয়ে আনা ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের হীরা, সোনা, প্লাটিনাম ও মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় জনি রহমান নামে এক যাত্রীকে আটক করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি শুরু করেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও দায়িত্ব পালনরত সি-শিফটের কর্মকর্তারা। কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের তথ্য পাওয়ার পর নজরদারি জোরদার করা হয়।
একপর্যায়ে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জনি রহমানের ব্যাগ স্ক্যান করা হয়। এতে আচারের বয়ামের ভেতর ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হলে ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, হীরা, প্লাটিনাম ও মূল্যবান পাথর জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরা বসানো ১৮ ক্যারেটের ৩৮৯টি সোনার আংটি, যার ওজন ৪৭৮ গ্রাম। এ ছাড়া ৯৫০ ক্যারেটের ১৫১টি প্লাটিনামের আংটি, যার ওজন ৪৫০ গ্রাম; হীরা বসানো সাদা সোনার তিনটি অলংকার, হীরা বসানো রুপার দুটি আংটি, পাঁচটি সোনার লকেট, একটি সোনার চেইন এবং ৪৭২টি সোনার নাকফুল পাওয়া গেছে।
এ ছাড়া ৪৫ ক্যারেটের হীরা, বিভিন্ন আকারের পোখরাজ, রুবি ও অন্যান্য পাথরসহ মোট ৭২০টি মূল্যবান পাথর জব্দ করা হয়েছে। এসব পণ্যের সঙ্গে ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ডও পাওয়া যায়।
এনবিআরের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। স্বর্ণালংকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। ব্যাগেজ ঘোষণা ছাড়াই পণ্যগুলো আনার কারণে সেগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।