সুভাস্তু ডেভেলপমেন্টের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
গ্রাহকের অর্থ আত্মসাৎ, বিদেশে পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ; চেয়ারম্যান আবিদুর রহমানসহ পরিচালকদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৩:২০:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৩:২০:৫৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
শত শত গ্রাহকের অর্থ আত্মসাৎ, বিদেশে পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবাসন প্রতিষ্ঠান সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমানসহ পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের মানিলন্ডারিং শাখাসংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
দুদক সূত্র জানায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে গ্রাহকদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ, বিদেশে পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কমিশনে জমা পড়ে। অভিযোগগুলো আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
অনুসন্ধান কার্যক্রমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪; দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধান অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলা হয়েছে।
এ ছাড়া অনুসন্ধানের সময় অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করা কিংবা স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক করার প্রয়োজন দেখা দিলে দ্রুত লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে অবহিত করার নির্দেশনা রয়েছে।
দুদকসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অনুসন্ধানে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থের ব্যবহার, অর্থ আত্মসাতের অভিযোগ, বিদেশে অর্থ স্থানান্তর এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকদের সম্পদ অর্জনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
তবে অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান এখনো প্রক্রিয়াধীন। অভিযোগের সত্যতা, অর্থের প্রকৃত গন্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।