রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানাল বাংলাদেশ
হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহতের খবর
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৪ বার পঠিত
ছবি সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার (১০ অক্টোবর) চালানো এ হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন তিন শতাধিক মানুষ, যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি, বিশেষ করে বাংলাদেশি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ, বেসামরিক মানুষ ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।