জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অন্যদের নসিহত করার আগে নিজেদের ঘরের দিকে তাকানো উচিত। তিনি অভিযোগ করেন, দলটির কিছু সদস্যের বিরুদ্ধে নারীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘একটি গুপ্ত রাজনৈতিক দলের নেতারা আমাদের নসিহত করছে—আপনারা এটা করেন, আপনারা ওটা করেন। আজকে এখানে হাজারো লক্ষ মানুষের সামনে আমি তাদের উদ্দেশে বলতে চাই, দয়া করে নিজের ঘরের দিকে আগে তাকান। নিজের ঘরের লোকেরা কীভাবে নারী নির্যাতন করছে, সেটি আগে সামাল দেন, তারপর অন্যকে কিছু বলতে আসেন।’
তিনি আরও বলেন, ওই দলের কিছু সদস্য নারীদের ওপর নির্যাতন করছেন—এমন অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না বলেও জানান। তবে তিনি দাবি করেন, মানুষের মধ্যে এমন কথাও রয়েছে যে, দলটির একজন নেতা শুধু নির্যাতন করেই থেমে থাকেননি, একটি মানুষের জীবনাবসান ঘটিয়েছেন।
বিরোধী দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী মানুষকে বিভ্রান্ত করে কিছু আসনে জয় পেয়েছে। এরপর দলটি ধরাকে সরা জ্ঞান করছে এবং দেশে অরাজকতা তৈরির চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। ১৯৭১ সালে দলটির ভূমিকা এবং সে সময় মা-বোনদের ওপর নির্যাতনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এসব ইতিহাস দেশের মানুষের জানা।
তারেক রহমান আরও বলেন, তারা এখন আবার অরাজকতা ও নারী নির্যাতনের পথ বেছে নিয়েছে। এ সময় তিনি রাজনৈতিক প্রতিপক্ষের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, অন্যদের নিয়ে মন্তব্য করার আগে নিজেদের দলের ভেতরের বিষয়গুলো মোকাবিলা করা প্রয়োজন।
সমাবেশে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুই থেকে আড়াই বছর আগে ফেনীতে বড় ধরনের বন্যা হয়েছিল। ওই সময় মুহুরী ব্রিজের ওপর দিয়েও পানি প্রবাহিত হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের বন্যার ক্ষতি কমানো এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পটি তাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় প্রকল্পটি ভূমিকা রাখবে বলে জানান তিনি।
নিজের ঘরের নারী নির্যাতন সামাল দিন: তারেক রহমান
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে অন্যকে নসিহত করার আগে নিজেদের দলের কর্মকাণ্ডের দিকে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০১-১০-২০২৬ ১০:২০:৫৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৬ ১০:২৯:৩৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর