নতুন পে স্কেলে সেপ্টেম্বরের বেতন নয়, বকেয়া মিলবে একসঙ্গে
অক্টোবরে নতুন কাঠামোয় বেতন পাওয়ার প্রস্তুতি, পে-ফিক্সেশন শেষে তিন মাসের বকেয়া দেওয়ার পরিকল্পনা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:১১:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:১১:০০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১০ বার পঠিত
ছবি সংগৃহিত
নতুন পে স্কেলে সেপ্টেম্বর মাসের বেতন পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা। তবে অক্টোবরের বেতন নতুন কাঠামো অনুযায়ী দেওয়ার প্রস্তুতি চলছে। সে ক্ষেত্রে নভেম্বরের শুরুতে বর্ধিত বেতন হাতে পেতে পারেন তারা। পাশাপাশি পে-ফিক্সেশন সম্পন্ন হওয়ার পর প্রায় তিন মাসের বকেয়া একসঙ্গে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে। এতে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের ৫০ শতাংশ দেওয়ার কথা বলা হয়েছে।
অর্থ বিভাগ সূত্র জানায়, বর্ধিত বেতন পেতে প্রথমে অনলাইনে পে-ফিক্সেশন সম্পন্ন করতে হবে। এ প্রক্রিয়ায় কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে বেতন নির্ধারণে জটিলতা তৈরি হতে পারে। এ জন্য হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বিভাগভিত্তিকভাবে ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে পে-ফিক্সেশন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পে-ফিক্সেশন শেষে হিসাব অনুযায়ী প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার একসঙ্গে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কর্মচারীর গ্রেড, মূল বেতন, নতুন স্কেলে নির্ধারিত বেতন ও কার্যকর তারিখ অনুযায়ী বকেয়ার পরিমাণ ভিন্ন হবে। অনলাইনে তথ্য দিতে সমস্যা হলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার সহায়তা নেওয়া যাবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ হারে বেতন পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর শতভাগ কার্যকর হবে।
এ ছাড়া নতুন কাঠামোর অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন পে স্কেলে প্রথম থেকে দশম গ্রেডের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ার কথা বলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর