ব্যাংক খাতে পরিবারভিত্তিক আমানতের প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছেন ক্ষুদ্র ও লাখপতি সঞ্চয়কারীরা। গত মার্চের তুলনায় জুনে এ শ্রেণির আমানতকারী বেড়েছে ৩২ লাখ ৫৭ হাজার ৭৫৯ জন এবং তাদের সঞ্চয় বেড়েছে ৩১ হাজার ১০০ কোটি টাকা। একই সময়ে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৫৬ জন বাড়লেও তাদের আমানতের স্থিতি কমেছে ১২০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুনের তুলনায় চলতি বছরের জুনে ব্যাংক খাতে মোট আমানত বেড়েছে প্রায় ১১ শতাংশ। আর মার্চের তুলনায় জুনে তিন মাসের ব্যবধানে আমানত বেড়েছে প্রায় আড়াই শতাংশ। জুনে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ১১ হাজার কোটি টাকা।
পরিবারভিত্তিক আমানতকারীর সংখ্যা মার্চে ছিল ১৭ কোটি ১০ লাখ ৫৯ হাজার। তাদের মোট আমানতের স্থিতি ছিল ১২ লাখ ১৬ হাজার ৬০০ কোটি টাকা। জুনে আমানতকারী বেড়ে দাঁড়ায় ১৭ কোটি ৪৩ লাখ ১৭ হাজারে এবং আমানতের স্থিতি বেড়ে হয় ১২ লাখ ৪৬ হাজার ৬০০ কোটি টাকা।
ক্ষুদ্র ও লাখপতি আমানতকারীর সংখ্যা মার্চে ছিল ১৭ কোটি ১০ লাখ ১৮ হাজার ৩১০ জন। তাদের আমানতের স্থিতি ছিল ১১ লাখ ২৫ হাজার ৩০০ কোটি টাকা। জুনে এ শ্রেণির আমানতকারী বেড়ে দাঁড়ায় ১৭ কোটি ৪২ লাখ ৭৬ হাজার ৬৯ জন। একই সময়ে তাদের আমানতের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৬ হাজার ৪০০ কোটি টাকা।
অন্যদিকে মার্চে কোটিপতি আমানতকারী ছিলেন ৪০ হাজার ৬৪৫ জন। তাদের আমানতের স্থিতি ছিল ৯১ হাজার ৪০০ কোটি টাকা। জুনে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়ে ৪০ হাজার ৭০১ জন হলেও তাদের আমানতের স্থিতি কমে দাঁড়িয়েছে ৯০ হাজার ২০০ কোটি টাকায়।
এদিকে এক বছরের ব্যবধানে ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন গ্রাহকের সংখ্যাও কমেছে। গত বছরের জুনে এ ধরনের আমানতকারী ছিলেন ২৬ জন এবং তাদের আমানতের পরিমাণ ছিল ২ হাজার ৪০০ কোটি টাকা। চলতি বছরের জুনে সংখ্যা কমে ১৫ জনে এবং আমানতের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকায়।
সংশ্লিষ্টদের মতে, কোটিপতি আমানতকারীদের একটি অংশ ব্যাংক থেকে অর্থ তুলে ট্রেজারি বিল, সঞ্চয়পত্রসহ অন্যান্য খাতে বিনিয়োগ করছেন। বিপরীতে ক্ষুদ্র ও লাখপতি সঞ্চয়কারীরা এখনো ব্যাংককে সঞ্চয়ের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। ফলে পরিবারভিত্তিক ব্যাংক আমানতের প্রবৃদ্ধিতে এ শ্রেণির সঞ্চয়কারীদের অবদান বাড়ছে।
ব্যাংক খাতের মোট আমানতের অর্ধেকের বেশি রয়েছে ক্ষুদ্র ও লাখপতি সঞ্চয়কারীদের কাছে। পরিবারভিত্তিক আমানতের বাইরে করপোরেট খাতের আমানতের পরিমাণ প্রায় ১০ লাখ কোটি টাকা।