ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

আড়িয়ল বিলের পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

গবেষণায় পানি ও তলানিতেও দূষণের উপস্থিতি, দীর্ঘমেয়াদি ঝুঁকির শঙ্কা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১১:০৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১১:০৯:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
আড়িয়ল বিলের পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ ও ঢাকার বিস্তৃত আড়িয়ল বিলের পাঁচ প্রজাতির দেশি মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। আন্তর্জাতিক সাময়িকী Journal of Hazardous Materials Advances-এ প্রকাশিত এই গবেষণায় মাছের অন্ত্র, ফুলকা এবং ভক্ষণযোগ্য মাংসপেশিতেও প্লাস্টিকের ক্ষুদ্র কণা পাওয়া গেছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

 

গবেষণায় কই, বাটা, মেনি, গুলশা টেংরা ও পুঁটি মাছ পরীক্ষা করা হয় এবং সবগুলোতেই বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়। এর মধ্যে কই মাছে দূষণের মাত্রা সবচেয়ে বেশি পাওয়া গেছে। গবেষণা দলের প্রধান অধ্যাপক মো. শাহজাহানের মতে, সর্বভুক স্বভাবের কারণে কই মাছ তলানি ও প্ল্যাঙ্কটনের সঙ্গে থাকা প্লাস্টিক কণাও গ্রহণ করে, ফলে এতে দূষণ বেশি জমা হয়। ২০২৪ সালের বর্ষা, ২০২৪ থেকে ২০২৫ সালের শীত এবং ২০২৫ সালের শুষ্ক মৌসুমে আড়িয়ল বিলের পাঁচটি স্থান থেকে পানি, তলানি ও মোট ১৫০টি মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হয়।
 

শুধু মাছেই নয়, আড়িয়ল বিলের পানি ও তলানিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি লিটার পানিতে ১১ থেকে প্রায় ৩২টি এবং প্রতি কেজি তলানিতে ১২ থেকে ১২৭টির বেশি কণা শনাক্ত হয়েছে। মৌসুমভেদে দূষণের তারতম্যও দেখা গেছে, যেখানে বর্ষাকালে পানিতে এবং শুষ্ক মৌসুমে তলানিতে দূষণ বেশি ছিল। অধিকাংশ কণা সুতার মতো আকৃতির, যা মূলত কৃত্রিম তন্তু, গৃহস্থালির বর্জ্য এবং মাছ ধরার জাল থেকে আসে বলে গবেষকেরা জানিয়েছেন।
 

গবেষকেরা সতর্ক করে বলেছেন, মাছের ভক্ষণযোগ্য অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। যদিও তাৎক্ষণিক ক্ষতির স্পষ্ট প্রমাণ এখনও নেই, তবে শরীরে দীর্ঘদিন এসব কণা জমতে থাকলে ক্যান্সার, হরমোনজনিত সমস্যা ও প্রজনন জটিলতার মতো জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
 

আড়িয়ল বিলের মাছ স্থানীয় বাজার ছাড়াও নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ হয় এবং বহু মানুষের জীবিকার সঙ্গে এই বিল জড়িত। ফলে এই দূষণের প্রভাব শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর জনগোষ্ঠীর ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

গবেষকেরা মাইক্রোপ্লাস্টিক দূষণ কমাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং জলাভূমির জন্য পৃথক নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আড়িয়ল বিলের মতো গুরুত্বপূর্ণ জলাভূমিকে এই দূষণ থেকে রক্ষা করা সম্ভব।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।