দেশের পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা, যা কাট–অফ হার হিসেবেও ব্যবহৃত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এর আগে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনা হয়েছিল। সর্বশেষ এই ক্রয়ের ফলে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ৮ জানুয়ারি পর্যন্ত) বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ২৫ লাখ মার্কিন ডলার, যা ৩.৭৫ বিলিয়ন ডলারেরও বেশি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বৃহস্পতিবার ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২০৬ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে। এ সময় প্রতি ডলারের বিনিময় হার এবং কাট–অফ রেট উভয়ই ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
তিনি আরও জানান, নতুন বছর ২০২৬ সালের জানুয়ারি মাসেই এ পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আর চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় হয়েছে ৩,৭৫২.৫০ মিলিয়ন মার্কিন ডলার।
ডেস্ক রিপোর্ট