মক ভোটে কেন্দ্র ও কক্ষ বাড়ানোর সম্ভাবনা যাচাই করছে ইসি
- আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১০:২৪:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১০:২৪:০৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪১ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে প্রস্তুতি যাচাইয়ে চলমান মক ভোট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই ভোটকেন্দ্র, কক্ষ ও প্রয়োজনীয় জনবল বাড়ানো হবে কি না—তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। শনিবার (২৯ নভেম্বর) সকালে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোট কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, মক ভোট মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পরখ করার সুযোগ দেয়। এতে বোঝা যাবে—কোথাও অতিরিক্ত কেন্দ্র প্রয়োজন কি না, কক্ষ বাড়াতে হবে কি না, কিংবা কোন জায়গায় সমন্বয় দরকার। তিনি জানান, এসব বিশ্লেষণ করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নির্ধারিত সময় সকাল ৮টায় ভোট শুরুর কথা থাকলেও কিছুটা দেরিতে কার্যক্রম শুরু হয়, এবং ভোট গ্রহণ চলবে দুপুর ১২টা পর্যন্ত। এখানে নারী–পুরুষ মিলিয়ে ৫০০ ভোটার অংশ নেওয়ার কথা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও ধীরে ধীরে আসছেন অংশগ্রহণকারীরা। দুই ধরনের ব্যালটে ভোট দিতে গিয়ে কিছু ভোটার জানান, জাতীয় নির্বাচনের ব্যালটে সমস্যা না থাকলেও গণভোটের ব্যালট পড়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে গণভোটের বিষয়বস্তু পুরোপুরি না জেনেও কেউ কেউ ‘হ্যাঁ’ বা ‘না’তে সিল দিতে বাধ্য হচ্ছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।