ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালয়ইকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো পালয়ইকান্দা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাজহারুল ইসলামের মেয়ে সাফা (৩) এবং রসুলপুর ইউনিয়নের ভরবরা গ্রামের সৌদি প্রবাসী নূর মোহাম্মদের ছেলে সাইফান (৩)।
নিহত সাফার চাচা শরিফুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাফা ও সাইফান বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর পৌনে ১টার দিকে পুকুরে একজনের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা পুকুরে নেমে অন্য শিশুটিকেও উদ্ধার করেন।
পরে দুই শিশুকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শরিফুল ইসলাম জানান, সাইফান পরিবারের সদস্যদের সঙ্গে সাফাদের বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে দুজন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হক মিথুন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।